নভেম্বরে আসছে প্লেস্টেশনের ওয়্যারলেস স্পিকার

প্রযুক্তি ডেস্ক: ঘণ্টার পর ঘণ্টা হেডফোন পরে গেম খেলার ক্লান্তি দূর করতে নতুন ওয়্যারলেস গেমিং স্পিকার বাজারে আনছে সনি। পালস এলিভেট নামের এই স্পিকারটি ২২০ ডলারে বিক্রি হবে। দীর্ঘ অপেক্ষার পর প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১২ নভেম্বর আন্তর্জাতিক বাজারে স্পিকারটি আনুষ্ঠানিকভাবে পাওয়া যাবে এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে অগ্রিম অর্ডার।

ডেস্কভিত্তিক গেমারদের প্রধান সমস্যা দূর করতেই তৈরি করা হয়েছে পালস এলিভেট। সাধারণত হেডসেট ব্যবহার করলে গেমের শব্দের নিখুঁত দিক বা ডিরেকশন বোঝা যায় এবং কথা বলা সহজ হয়, তবে টানা কয়েক ঘণ্টা পরে থাকা বেশ কষ্টদায়ক। অন্যদিকে সাধারণ স্পিকারে লেটেন্সি বা শব্দের বিলম্ব ঘটে এবং আলাদা মাইক্রোফোনের দরকার পড়ে। সনির নতুন এই স্পিকার ওয়্যারলেস কানেক্টিভিটি, বিল্ট-ইন ভয়েস চ্যাট এবং স্বল্প লেটেন্সির সুবিধা দিয়ে দুটো সমস্যারই সমাধান করবে।

এই পোর্টেবল স্পিকারটিতে প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারের পাশাপাশি আলাদা উফার ব্যবহার করা হয়েছে। সনির দাবি, এর ফলে গেমে শত্রু হেঁটে আসার শব্দ, সংলাপ কিংবা আশপাশের সূক্ষ্ম শব্দ স্পষ্টভাবে আলাদা করা যাবে। পিএস৫-এ এটি থ্রিডি অডিও টেকনোলজি সাপোর্ট করবে। গেমিংয়ের লেটেন্সি কমাতে এতে রয়েছে ‘প্লেস্টেশন লিঙ্ক’ প্রযুক্তি যা একটি ইউএসবি-সি অ্যাডাপ্টারের মাধ্যমে পিএস৫, পিসি, ম্যাক ও প্লেস্টেশন পোর্টালে লসলেস অডিও অভিজ্ঞতা দেবে। একইসঙ্গে এতে ব্লুটুথ সংযোগ ব্যবহার করা যাবে অর্থাৎ গেম খেলার পাশাপাশি অন্য ফোন থেকে গান শোনা বা কল করার সুযোগ থাকছে।

স্পিকারের ডান পাশে এআই পরিচালিত নয়েজ রিজেকশন মাইক্রোফোন দেওয়া হয়েছে। সনির ডেমোতে দেখা গেছে, স্পিকার থেকে গান বাজলেও ব্যবহারকারীর কণ্ঠ পরিষ্কার শোনা যায় এবং ব্যাকগ্রাউন্ডের গান স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে যায়। তবে মেকানিক্যাল কিবোর্ড বা ফ্যানের শব্দের মতো সাধারণ ঘরের পরিবেশে এটি কতটা কার্যকর হবে তা বাজারজাত করার পরই নিশ্চিত হওয়া যাবে।

সাধারণ স্পিকারের মতো না হয়ে পালস এলিভেটে রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয়েছে যা চার্জিং ডক থেকে তুলে পোর্টাল ডিভাইস বা ফোনেও ব্যবহার করা সম্ভব। আগামী ১২ নভেম্বর স্পিকারটি মার্কিন যুক্তরাষ্ট্রে ২১৯ দশমিক ৯৯ ডলার, ইউরোপে ২১৯ দশমিক ৯৯ ইউরো, যুক্তরাজ্যে ১৯৯ দশমিক ৯৯ পাউন্ড এবং জাপানে ৩৭,৯৮০ ইয়েনে বাজারে আসবে। এটি মিডনাইট ব্ল্যাক রঙে বিশ্বজুড়ে এবং হোয়াইট রঙে নির্দিষ্ট কিছু অঞ্চলের বাজারে পাওয়া যাবে। মূলত যারা হেডফোনের টানা ব্যবহার থেকে মুক্তি চান এবং একাধিক ডিভাইসে লসলেস অডিও খুঁজছেন, তাদের জন্যই তৈরি এই ডিভাইস।