কুবিতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে গোলটেবিল, ৬ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
ছবি: জাতীয় অর্থনীতি

কুবি প্রতিনিধি: শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪২টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৬টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসের উপাচার্য বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

সমঝোতা স্মারক স্বাক্ষরিত ছয়টি প্রতিষ্ঠান হলো- স্মার্ট সলিউশন, ড্যাপকো ভেঞ্চারস লিমিটেড, ফ্লোরিনা কসমেটিকস, সুপ্রিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, উইডেভস লিমিটেড এবং বিসিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকার দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে শুধু ডিগ্রি নয়, শিল্পের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে তোলা জরুরি। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ৮০০ কোটি টাকার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম জানান, ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতির অংশ হিসেবে শিক্ষার্থীদের পড়াশোনা শেষে সরাসরি কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি