গোপালগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকার ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও পাচারে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন- মোঃ উজ্জ্বল মোল্লা (৩৮) ও মোঃ রিফাত মোল্লা ওরফে ওয়াসিম (২২)।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে গোপালগঞ্জ পৌরসভার নবীনবাগ এলাকায় এলজিইডি অফিসের সামনে ডিবি পুলিশের একটি চৌকস দল চেকপোস্ট বসায়। রাত পৌনে ৩টার দিকে একটি দ্রুতগামী সাদা রঙের নোয়া গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ৬৪,১২৩ পিস ইয়াবা (যার বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা) এবং মাদক চালানের নগদ ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ৪৪ লাখ টাকা মূল্যের নোয়া গাড়িটি জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত গোপালগঞ্জ গড়তে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ ও সাখাওয়াত হোসেন সেন্টুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি