লক্ষ্মীপুর প্রতিনিধি: নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে জোনাল অফিসার ও তথ্য সংগ্রহকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ এবং শুমারির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন। গত ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ প্রশিক্ষণের শেষ দিনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থী ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালিত হবে।
এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলায় মোট ৫৬ জন তথ্য সংগ্রহকারী সরেজমিনে গিয়ে এই তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করবেন।
—জা. অর্থনীতি/এলএটি