নিজস্ব প্রতিবেদক: যেদিন আবেদন ও টাকা জমা হবে, সেদিনই ট্রেড লাইসেন্স দিতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে কোনো কর্মকর্তা বা বিভাগ ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতিঝিল কার্যালয়ে ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
এসময় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য টাকা জমা দেওয়ার পরও মাসের পর মাস লাইসেন্স না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, কয়েক মাস ধরে টাকা জমা দেওয়ার পরও ট্রেড লাইসেন্স পাচ্ছেন না তারা।
এমন অভিযোগ ওঠায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান।
আব্দুস সালাম আরও বলেন, দিনের লাইসেন্স দিনে দিতে হবে। যদি এই ব্যাপারে কোনো ব্যর্থতা ঘটে, যে অফিসার করছে, যে সেকশন করছে, আপনারা আমার কাছে রিপোর্ট করবেন। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এ ব্যাপারে কোনো ছাড় নেই।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ট্যাক্স বাড়ানোর প্রস্তাব আসছিল, ট্রেড লাইসেন্সের ফি বাড়ানোর প্রস্তাব আসছিল, সাইনবোর্ডের ফি বাড়ানোর প্রস্তাব আসছিল। কিন্তু আমি সবগুলোই নাকচ করে দিয়েছি। কোনোটা কার্যকর করতে দেইনি। তারপরও এখানে এসে কেন আমাকে শুনতে হবে- গতবার এত টাকা দিয়েছি, এবার বেশি দিতে হচ্ছে কেন?’
এ সময় তিনি ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখে জবাব দেওয়ার নির্দেশ দেন।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমও বক্তব্য দেন।
ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স বিতরণ করা হয়।
—জা.অর্থনীতি/আরএস
