ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ২০ বছর বয়সি এক অজ্ঞাত তরুণীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার আউটার সিগন্যাল সংলগ্ন ইসলামবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরিচয় পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। —জা. অর্থনীতি/এলএটি