হাতীবান্ধায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাইবান্ধার সোহরাব হোসেন (৪০), বরিশালের আলামিন (৩৪), পাবনার আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের প্রাইভেটকারচালক মাসুদ পারভেজ (৩৭)।

পুলিশ জানায়, হাতীবান্ধা থানার পুলিশের একটি দল টহল শেষে ফেরার পথে একটি সন্দেহভাজন প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশ কাছে গেলে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাটারিচালিত ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বিভিন্ন চাবি, কসটেপ, রামদা ও ছোড়াসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান সরকার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন জেলায় মামলা ও ওয়ারেন্ট রয়েছে। ঘটনার সাথে জড়িত চক্রের অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি