ডিএসসিসির উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে পহেলা আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

প্রশাসক বলেন, ‘ঢাকা শহরে আমরা অনেকেই বসবাস করি। কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার জন্য আবার কেউ শিক্ষার জন্য। কেউ স্থায়ীভাবে আবার কেউঅস্থায়ী ভাবে। কিন্তু এই শহর আমাদের আশ্রয় দিয়েছে - এই সূত্রে আমরা সবাই এই শহরের নাগরিক। কিন্তু শতবর্ষী এই রাজধানীর ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির সাথে দৃঢ় বন্ধন না থাকায় এই শহরকে আমরা অনেকেই আপন করে নিতে পারিনি। ফলে, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষাসহ সার্বিক বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। নাগরিকদের কাছে রাজধানী ঢাকার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে নাগরিকদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরির জন্যেই এই আয়োজন।’
ডিএসসিসি জানিয়েছে, মাসব্যাপী কর্মসূচিতে রয়েছে শিশু একাডেমিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসব, ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি, ঢাকা হেরিটেজ রান, নাট্যোৎসব, খোলামোড়া ঘাট হতে ওয়াইজ ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, সদরঘাটে শতবছরের পুরাতন বিশেষ হেরিটেজ ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণ, মধুমিতা সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শন এবং বিটিভিতে ঢাকা নিয়ে নির্মিত পুরাতন নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারসহ আরও নানা আয়োজন। 

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু। আর ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় আধুনিক নগর প্রশাসনের পথচলা। কালের বিবর্তনে যা আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাই ১ আগস্টকে আমরা ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লক্ষ্য।

—জা.অর্থনীতি/আরএস