ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
ছবি সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ১৫ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এই সত্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ জানায়, ধর্ষণের অভিযোগের পর থেকেই রিপন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত ও নজরদারি শুরু করার পর অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী। কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত রিপন ভিডিও বানিয়ে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৩০ জুলাই রাতে জরুরি কথা আছে বলে কিশোরীকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রিপন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর গ্রাম্য সালিশে ঘটনাটি অর্থ জরিমানা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করা হলেও সালিশের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওসি জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি রিপন মিয়াকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

—জা. অর্থনীতি/এলএটি