নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে গড়ব দেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নিকলী উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছামাদ, সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির, জেলা জজ আদালতের এপিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম) এবং জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জুলাই যোদ্ধারা।
আলোচনা সভায় বক্তারা আন্দোলনকালীন নানা স্মৃতিচারণ করে জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে অর্জিত এই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সুবিধা ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি