নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: কর্ণফুলী নদীর নৌপথ দিয়ে যাওয়ার সময় স্টিয়ারিং বিকল হয়ে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস। জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে বন্দরের দুটি শক্তিশালী টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি জাতীয় অর্থনীতিকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, বন্দর চ্যানেল দিয়ে যাওয়ার সময় জাহাজটির স্টিয়ারিংয়ে আকস্মিক যান্ত্রিক ত্রুটি (টেকনিক্যাল স্টিয়ারিং ফেলিওর) দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি চ্যানেলের পাশে থাকা প্রতিরক্ষামূলক রিটেইনিং ওয়ালের ওপর আটকে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। বন্দরের কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌপথ সচল রাখতে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ ও জরুরি সাড়া প্রদানকারী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা সত্ত্বেও বন্দর চ্যানেল নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। নৌযান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
—জা.অর্থনীতি/জেআরটি
