সবাই ফিরে যায়।
ফিরে যায় ভোরের নরম রোদ
নির্জন দুপুরের মেঘের পদাবলি
বিকেল জড়ানো হলুদ আলো..
ফিরে যায় নাটমন্দিরের ঘুঘু
প্রাচীন বটের ছায়া, পত্রপুষ্পাঞ্জলি
স্নান সেরে ভেজা চুলে বালিকা বধূ
ফিরে যায় ভোরের ফেরিওয়ালা
বসন্ত ভিখারীর ভৈরবী
গলির মুখের বিজ্ঞাপন
সবাই ফিরে যায় যে যার মতো
শুধু আমারই ফেরার জায়গা নেই।