মোটরসাইকেলের এয়ার ফিল্টারে লুকানো ছিল ১৯৫৫ পিস ইয়াবা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।

র‍্যাব-১১ জানায়, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে এয়ার ফিল্টার বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানের ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় পরিবহন, সরবরাহ এবং বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম