সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় চরম অবহেলায় সাফওয়ান নামের সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, মুমূর্ষু অবস্থায় বার বার অনুরোধ করা সত্ত্বেও শিশুটিকে সময়মতো অক্সিজেন কিংবা চিকিৎসা সেবা দেওয়া হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান জেলা শহরের শোলাকিয়া এলাকার মাছ ব্যবসায়ী মিঠুন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে শিশুটির শ্বাসকষ্ট হঠাৎ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এ সময় দ্রুত অক্সিজেন সহায়তা চেয়ে স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কাছে বার বার আকুতি জানালেও কেউ এগিয়ে আসেননি। একপর্যায়ে শিশুটির পরিবার চিৎকার-চেঁচামেচি শুরু করলে একজন চিকিৎসক এলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু সাফওয়ান।

এ ঘটনায় চিকিৎসায় গাফিলতির বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি