অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলেও বিশ্ববাজারে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়লেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে আগের দিনের তুলনায় তেলের দাম নেমে এসেছে।
মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করবে চীনা কোম্পানি, সরকারের সম্মতি
এর আগে আগের কার্যদিবসে ব্রেন্টের দাম প্রায় ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল। পাঁচ মাসের যুদ্ধ চলাকালে এটি ছিল তেলের দামের সবচেয়ে বড় উল্লম্ফনগুলোর একটি। তার আগের দিন সংঘাতে সাময়িক বিরতির পর তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছিল।
এদিকে, ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে।
—জা.অর্থনীতি/এএইচএ