কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে এসির মোটর চুরির ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করে কুলিয়ারচর এলাকায় প্রবেশের পর এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ দুলাল মিয়া (২৫) সে ভৈরব নিউটাউন এলাকার মৃত মানিক মিয়ার ছেলে এবং একই এলাকার মোঃ বাবু মিয়ার ছেলে মোঃ আরিফ (১৬)।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলন্ত ট্রেনের (বিজয় এক্সপ্রেস) একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগির মোটর খুলে নিয়ে দুই ব্যক্তি ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনের নিরাপত্তাকর্মীরা জরুরি ভিত্তিতে কুলিয়ারচর স্টেশনের পূর্বে খরকমারা এলাকায় ট্রেন থামান। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় ধাওয়া করে চোরাই মোটরসহ দুই চোরকে আটক করা হয়।
আটকের পর ক্ষুব্ধ জনতা তাদের উত্তমমধ্যম দেন । পরে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের হেফাজতে নেন। উদ্ধার করা হয় চুরি হওয়া এসির মোটরও। এরপর আটক দুইজনকে ট্রেনে করেই কিশোরগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি বলেন, চলন্ত ট্রেন থেকে এসির যন্ত্রাংশ চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এরপর আটক দুইজনকে ট্রেনে করেই কিশোরগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি
