গাংনীতে দুই বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে এক পুলিশ কর্মকর্তার বাড়িসহ দুটি পৃথক বাড়ির প্রবেশপথ থেকে লাল-কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২৯ জুলাই) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করে হেফাজতে নেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের পরিবারের সদস্যরা সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে সন্দেহজনক লাল-কালো টেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা পুলিশে খবর দেন। উল্লেখ্য, বাড়ির মালিক নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানিতে ভর্তি বালতিতে ভিজিয়ে গাংনী থানা হেফাজতে নিয়ে যান।

ওসি জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই হয়তো কোনো দুষ্কৃতকারী চক্র রাতের আঁধারে এগুলো রেখে গেছে। ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

—জা. অর্থনীতি/এলএটি