যশোর প্রতিনিধি: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে স্থানীয় শত শত বিক্ষুব্ধ জনতা।
এ সময় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন অনেকে। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন তারা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণের অভিযোগে বিক্ষোভ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।
স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশুদের মারধর করেন এমপির মেয়ে। আজ সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। একপর্যায়ে অভিভাবকদের একজনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন তিনি। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।
তাদের দাবি, এমপি ও তার মেয়েকে গ্রেপ্তার করতে হবে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
—জা. অর্থনীতি/এনজে