এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ করায় শিক্ষকের কারাদণ্ড
ছবি: জাতীয় অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্ব পালনকালে বাইরে থেকে পরীক্ষার উত্তরপত্র এনে নকল সরবরাহ করার অভিযোগে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত এবং পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

সোমবার (২৭ জুলাই) আলিম বিভাগের ইসলামের ইতিহাস পরীক্ষার সময় উপজেলার কসবা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন রানীক্ষার সৈয়দ ইমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক। জানা গেছে, তিনি কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় মো. মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পাঁচ শিক্ষার্থীর পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা  জানান, পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি