মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি হাই-টেক। ১০ একর জমিতে শিল্প পার্কটিতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
রোববার (২৬ জুলাই) সকালে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেজার নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব (বিনিয়োগ ও উন্নয়ন) সালেহ আহমদ। এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক এমইপি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম চাকলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত সচিব ও বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি’র এই বিনিয়োগ দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। প্রযুক্তিনির্ভর উৎপাদন, আমদানি বিকল্প শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।”
বেজা সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক শিল্পে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমিতে প্রতিষ্ঠিতব্য এই শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদিত হবে। প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করা হচ্ছে এবং পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে ২ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী এক বছরের মধ্যে শিল্প পার্কটির একটি ইউনিট চালু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
