নিকলী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিকলী উপজেলার ছাতিরচর বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত কাছুম আলী (৬৫) ছাতিরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রমিজ মেম্বার ও হিরু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। কাছুম আলীসহ কয়েকজন ব্যক্তি বালু তুলতে বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে গত রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন কাছুম আলীকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম জানান, কাছুম আলী ও রমিজ মেম্বার বালু তুলতে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম আলী নিহত ও দুজন আহত হয়েছেন।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রমিজ মেম্বার ও হিরু মিয়া নামে দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
—জা. অর্থনীতি/এলএটি