কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আছরের নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার (১৯ জুলাই) আছরের নামাজের সময় পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি তারা মিয়া (৬৫)। তিনি পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও তিনি জামাতের সঙ্গে আছরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালে হঠাৎ তিনি লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লীরা দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা যায়।
মুয়াজ্জিন বলেন, "তারা মিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি মসজিদের নিয়মিত মুসল্লী ছিলেন। আছরের নামাজ আদায়রত অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।"
—জা. অর্থনীতি/এলএটি
