আন্তর্জাতিক ডেস্ক: জুনের শেষভাগ ও জুলাইয়ের শুরুতে আঘাত হানা তীব্র তাপপ্রবাহে বেলজিয়ামে প্রত্যাশার তুলনায় প্রায় ২ হাজার অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সিয়েনসানো হালনাগাদ তথ্যে জানিয়েছে, এ সময়ে অতিরিক্ত মৃত্যুর হার ছিল ৪৮ শতাংশ, যা তাদের আগের প্রকাশিত ১ হাজার ৭৪৭ অতিরিক্ত মৃত্যুর হিসাবের চেয়েও বেশি।
প্রতিষ্ঠানটি জানায়, বিলম্বিত মৃত্যু নিবন্ধন এবং তাপপ্রবাহ শেষ হওয়ার পরও মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় বিশ্লেষণে আরও দুই দিন যুক্ত করায় নতুন এই হিসাব প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালোনিয়া অঞ্চল। এরপর রয়েছে ব্রাসেলস ও ফ্ল্যান্ডার্স।
সিয়েনসানোর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই বেলজিয়ামের কোনো তাপপ্রবাহে সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা। এর আগে ২০২০ সালের আগস্টের তাপপ্রবাহে দেশটিতে ১ হাজার ৫৫৭টি অতিরিক্ত মৃত্যু এবং অতিরিক্ত মৃত্যুহার ছিল ৩৭ দশমিক ৫ শতাংশ।
সূত্র: আনাদোলু এজেন্সি
জা.অর্থনীতি/এসআই