আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণ উপকূলে প্রশান্ত মহাসাগর এলাকায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে মাছ ধরার শহর পুয়ের্তো মাদেরোর কাছে ১৫.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়।
মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে উপকূলীয় সৈকতগুলো থেকে মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের পর মেক্সিকোর চিয়াপাস ও পুয়ের্তো মাদেরো উপকূলে সর্বোচ্চ প্রায় ০.৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে এল সালভাদর, নিকারাগুয়া, পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরুসহ কয়েকটি দেশের উপকূলে ছোট আকারের ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
ভূমিকম্পের কম্পন গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো জানিয়েছেন, দেশটির জরুরি সেবা সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে মূল ভূমিকম্পের পর ৪.৭ থেকে ৬.০ মাত্রার একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সূত্র: বিবিসি
জা.অর্থনীতি/এসআই