আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২৪ সাল থেকে আটক থাকা ইরানীয়-আমেরিকান নাগরিক ডেনা কারারি (৫৩) মুক্তি পেয়েছেন। তেহরান কর্তৃপক্ষ তাকে দেশ ছাড়ার অনুমতিও দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার আইনজীবী জ্যারেড জেনসার।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, কারারিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল এবং তিনি বর্তমানে নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন। তিনি এ ঘটনাকে ইরানের পক্ষ থেকে সদিচ্ছার পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন।
কারারির মুক্তির ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে গেছে।
আইনজীবী জ্যারেড জেনসার জানান, চলমান সংঘাতের মধ্যেও কারারির ইরান ত্যাগ করতে পারা ‘একটি ছোট অলৌকিক ঘটনা’। তিনি আরও জানান, গত সপ্তাহে কারারি গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
কারারির মুক্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে জেনসারের দাবি, ডেনা কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জা.অর্থনীতি/এসআই
