রাতভর বৃষ্টিতে ডুবলো কুমিল্লা নগরী
ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: রাতভর টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। মাত্র তিন ঘণ্টার প্রবল বর্ষণেই প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে স্থবির হয়ে পড়েছে সাধারণ জনজীবন।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই নগরীর অধিকাংশ প্রধান সড়ক পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের সামনে হাঁটুসমান পানি জমে যাওয়ায় অনেক পরীক্ষার্থীকে পানি মাড়িয়ে, আবার কাউকে নৌকায় করে কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে।

নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়ক ও বাসাবাড়িতে ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা, নষ্ট হচ্ছে ঘরের আসবাবপত্র। এদিকে তীব্র জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ যাত্রীরা।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বাড়তে পারে।

—জা. অর্থনীতি/এলএটি