সাজেকে আটকে পড়া পর্যটকদের ফেরাচ্ছে সেনাবাহিনী
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে ব্যাপক উদ্ধার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক জিয়াউল হক যুবরাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় প্রায় দেড় শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করে খাগড়াছড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে আটকে থাকা বাকি পর্যটকদেরও ফিরিয়ে আনা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অবিরাম বৃষ্টিপাতের ফলে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত মাসালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক প্লাবিত হয় এবং পাহাড় ধসের ঝুঁকি তৈরি হওয়ায় সাজেকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেক ভ্যালিতে আটকা পড়েন। এ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে।

এর আগে, গত ৮ জুলাই থেকে সাজেকে আটকে পড়া পর্যটকদের জন্য বিভিন্ন রিসোর্টে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে সড়ক থেকে পানি কিছুটা নামতে শুরু করলে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রথম দফায় অতি জরুরি দেড় শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করে গন্তব্যে পাঠানো হয়। উদ্ধার হওয়া পর্যটকরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর নিরাপত্তা ও অক্লান্ত পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা জিয়াউল হক যুবরাজ জানান, সড়ক থেকে পানি ক্রমান্বয়ে নেমে যাচ্ছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে হয়তো আগামীকাল (শুক্রবার) থেকে সাজেক সড়কে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

—জা. অর্থনীতি/এলএটি