পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্য নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জিয়ারাত জেলায় সন্ত্রাসী হামলা ও পরবর্তী নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯ জন পুলিশ সদস্য এবং ১৫ জন হামলাকারী নিহত হয়েছেন।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, মঙ্গলবার (৭ জুলাই) ভোরে জিয়ারাত জেলার একটি নির্মাণাধীন বাঁধ প্রকল্পে সশস্ত্র হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ১৫ জন হামলাকারী নিহত হয়। এ সময় দুই কর্মকর্তাসহ মোট ৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে নিহত হন। নিহত পুলিশ সদস্যদের মরদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। তবে প্রাদেশিক সরকারের দাবি, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার সঙ্গে জড়িত।

পাকিস্তান সরকার টিটিপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ্য, খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডে অস্থিতিশীল। একই সঙ্গে অঞ্চলটি বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এর কৌশলগত গুরুত্বও অনেক বেশি।

জা.অর্থনীতি/এসআই