সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তিনি আকস্মিকভাবে প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে সেনাসদস্যদের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ধারণা নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিট কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণের অগ্রগতি, কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে তিনি সেনা সদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন এবং যুদ্ধক্ষেত্রের কৌশল, অবস্থান গ্রহণ, সমরাস্ত্র ব্যবহারের পদ্ধতি ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী একটি সেনা বাংকারে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনাসদস্যদের কাছেও যান এবং তাদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানের এ ধরনের সরাসরি উপস্থিতি ও আন্তরিকতায় সেনাসদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং দেশের স্বার্থে দায়িত্ব পালনে সেনাসদস্যদের উৎসাহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই