ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ এই তথ্য নিশ্চিত করেন।
রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২৩) এবং একই গ্রামের কাউছার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বর।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বরিশাল থেকে ফরিদপুরের দিকে যাওয়া সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক ফাহিম। গুরুতর জখম অপর আরোহী রফিকুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে।
ওসি জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক এবং দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সড়ক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি