নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়া তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে দুজন মামাতো-ফুফাতো বোন এবং একজন ফুফু হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো—ময়মনসিংহের গফরগাঁও এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), চর আহমদপুর গ্রামের তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং একই গ্রামের মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তারা স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার নাতনি এবং সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।
পারিবারিকে বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ওই তিন শিশু গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির এক ছোট শিশুর তথ্যের ভিত্তিতে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ওসি বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
—জা. অর্থনীতি/এলএটি
