অনলাইন ডেস্ক: গভীর সমুদ্রে মৎস্য আহরণে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং ব্লু-ইকোনমির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে দক্ষ মেরিন পেশাজীবী তৈরির উপযোগী করে প্রতিষ্ঠানটির আধুনিকায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি পরিদর্শনকালে একাডেমির কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের বিশাল সমুদ্রসীমার সম্পদ আহরণ, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এই একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। একাডেমির বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মন্ত্রী জানান, বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে মেরিন ফিশারিজ একাডেমিকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উন্নীত করা হবে, যাতে দেশের ব্লু-ইকোনমির বিকাশে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ এবং কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জা.অর্থনীতি/এসআই
