লালমনিরহাট প্রতিনিধি: স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এর ফলে গরিব মানুষও এখন ব্যয়বহুল চিকিৎসা সেবা স্বল্পমূল্যে বা বিনামূল্যে পাবেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে লালমনিরহাট ডায়াবেটিস হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, "সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় সরকার চলতি বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।"
তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে এই চিকিৎসাসেবা ব্যবস্থাটিকে আরও বেশি জনগণমুখী ও জনবান্ধব করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
—জা. অর্থনীতি/এলএটি