মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় দেড় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার টেকেরহাট ও ঘটকচর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে একই দিন দুপুরে জেলার শিবচর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী (চাচি ও ভাতিজি) নিহত হন।
হাসপাতাল বরাত দিয়ে পুলিশ জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের টেকেরহাট মঠের বাজার এলাকায় শরীয়তপুর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে আলামিন কাজী (২৮), রুনা আক্তার (২৭), মিম (১০), জামিলা (৭), মফিজুল মোল্লা (৫০) ও আশিক বেপারী (২২) নামের ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুনা আক্তার ও মিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এর ঠিক আধা ঘণ্টা পর, বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটকচর চারঘাটা এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও ৭ জন আহত হন। আহতরা হলেন— মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বর (১৮), আশিকুল (২০), ইমন ফকির (২০) এবং অটোরিকশা যাত্রী নিপা আক্তার (৩০), নুসরাত (১১), জুবায়ের (৭) ও আমেনা (৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন।
ওসি বলেন, "পৃথক দুটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
—জা. অর্থনীতি/এলএটি