টেকসই উন্নয়ন করতে জেলা পরিষদের প্রশাসককে নাগরিক কমিটির স্মারকলিপি
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, শহরের জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবিতে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। 

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে ২১ দফা দাবি সংবলিত এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, হেনরী সরদার, যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান এবং বাইজিদ হোসেন।

স্মারকলিপিতে নাগরিক কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরার সামগ্রিক অর্থনৈতিক অবদান বিবেচনা করে এবং ভৌগোলিক ঝুঁকি দূর করতে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমের আগেই উপকূলের বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

নাগরিক কমিটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সুন্দরবন উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবণ এলাকা’ ঘোষণা করা, টেকসই উন্নয়নের জন্য “সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়” গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ থেকেই দ্রুত চালু করা।

এছাড়া সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করা, শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং ঢাকার সাথে দূরত্ব কমাতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-চুকনগর-সাতক্ষীরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণ করার দাবি জানানো হয়।

—জা. অর্থনীতি/এলএটি