কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা শুরুর আগেই বোর্ডের আওতায় ২৭ হাজারেরও বেশি শিক্ষার্থী ঝরে পড়ায় বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বোর্ড সূত্র জানায়, এবার ৬টি জেলার ১৯৩টি কেন্দ্রে মোট ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী ৫৭ হাজার ১৯৬ জন এবং ছাত্র ৩৭ হাজার ৬০৬ জন।
পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
এদিকে বোর্ডের তথ্য অনুযায়ী, এসএসসি পাসের পর বিভিন্ন কারণে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। উচ্চশিক্ষার পথে এতো বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়া শিক্ষাবিদদের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। দারিদ্র্য, অল্প বয়সে বিয়ে, কর্মসংস্থানে যুক্ত হওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন কিংবা অন্যান্য সামাজিক-অর্থনৈতিক কারণকে এ ঝরে পড়ার পেছনের সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে এবং পরীক্ষার সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।
—জা.অর্থনীতি/এনজে