অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী
জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্ধ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালনের দায়িত্ব নেওয়া এই শিক্ষার্থীর জন্য তার পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে এই সহায়তা ও উপহার তুলে দেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় বিষয়টি তদারকি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অন্ধ ও অসুস্থ ঘোড়া শ্মশানের পাশে পড়ে আছে। স্থানীয় অনেকেই ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। ভিডিওটি দেখে চান্দুড়িয়া গ্রামের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী সোহান ঘটনাস্থলে ছুটে যান এবং ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।

পরে স্থানীয় পশুচিকিৎসক পরীক্ষা করে জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এবং চিকিৎসায় দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপরও ঘোড়াটিকে ফেলে না রেখে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এর পরিচর্যার দায়িত্ব নেন সোহান।

এ বিষয়ে সোহান বলেন, "দুচোখ অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসেছি। যত দিন বাঁচবে, আমরা ওর যত্ন নেব।" সোহানের বাবা নাঈম হোসেনও ছেলের এই আগ্রহকে সমর্থন জানিয়ে সাধ্যমতো ঘোড়াটির দেখাশোনা করছেন বলে জানান।

স্বার্থপরতার এই সময়ে একটি অসহায় প্রাণীর প্রতি কলেজছাত্র সোহানের এমন মমত্ববোধ ও মানবিকতা স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি