ভেনেজুয়েলায় ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলে জীবিত উদ্ধার
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর রোববার (২৮ জুন) একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সময় ফুরিয়ে আসার চরম উত্তেজনার মাঝে এই ঘটনা ওই এলাকায় কর্মরত ফরাসি এবং মার্কিন উদ্ধারকর্মীদের মনে নতুন আশার আলো সঞ্চার করেছে।

গত বুধবারের ওই বিধ্বংসী ভূমিকম্পে উপকূলীয় রাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত অন্তত ১,৪৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।

বিশেষায়িত সার্চ ক্যামেরা ব্যবহার করে ধসে পড়া বিপজ্জনক ও নড়বড়ে ধ্বংসস্তূপের ভেতর অত্যন্ত সতর্কতার সাথে প্রায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালায় উদ্ধারকারী দল। এরপরই তাদের সন্ধান মেলে।

উদ্ধার করার পর দেখা যায়, দীর্ঘ চার দিন আটকে থাকায় বাবা-ছেলে দুজনেই চরম শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। দুজনের মুখেই মাস্ক পরানো ছিল। লা গুয়াইরার ধ্বংসস্তূপে ভরা রাস্তা দিয়ে কাপড়ের তৈরি অস্থায়ী স্ট্রেচারে করে যখন তাদের অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আশপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়।

ফরাসি সিভিল সিকিউরিটির একজন উদ্ধারকর্মী জানান, চার দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যেকোনো মানুষের মতোই তারা চরম দুর্বল হয়ে পড়েছেন। আমরা তাদের শরীরে দ্রুত পানি ফিরিয়ে আনতে এবং প্রয়োজনীয় ওষুধ দিতে সাধ্যমতো চেষ্টা করছি। ধ্বংসস্তূপ অত্যন্ত নড়বড়ে হওয়ায় উদ্ধার প্রক্রিয়াটি খুব ধীরগতিতে ও সাবধানে চালাতে হচ্ছে।

এই এলাকায় উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে ফরাসি সিভিল সিকিউরিটি এবং আমেরিকার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম। এই যৌথ দলই এর আগের দিন এক মা এবং তার ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করেছিল। সূত্র: রয়টার্স

—জা.অর্থনীতি/এসআই/এনজে