সীমান্তে বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুর সীমান্তে দুই ব্যক্তির অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এ অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তের মেইন পিলারের (এমপি-১০৯৭) কাছ দিয়ে দুই ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহল দল দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করে এবং স্থানীয় জনতাকে সাথে নিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয়। ঘটনার পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি