ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার কানুরামপুর বাহাদুরনগর এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি জানান, "সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

—জা. অর্থনীতি/এলএটি