পৌরসভায় আধুনিকায়নে ‘ক্লাস্টার উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত
ছবি: জাতীয় অর্থনীতি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক ‘ক্লাস্টার উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বারইয়ারহাট পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা আয়োজিত হয়।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে, পৌরসভা এবং ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে আধুনিক ও উন্নত পৌরসভা গঠনে তাদের কর্মপরিকল্পনা এবং বিভিন্ন অসঙ্গতি দূরীকরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল পৌরসভা গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কোনো বিকল্প নেই। প্রকল্পের আওতায় বারইয়ারহাটের বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় একটি টেকসই উন্নয়ন রূপরেখা তৈরি করা হবে।

বারইয়ারহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সমর মজুমদারের সভাপতিত্বে এবং আরইউটিডিপি, এলজিইডি (ঢাকা)-এর নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমানের সঞ্চালনায় প্রকল্পের কারিগরি দিক তুলে ধরেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন ও সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ।

কর্মশালায় পৌরসভার আধুনিকায়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার দিদারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, সমবায় কর্মকর্তা দীপঙ্কর দাশ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন, কামরান সরোয়ার্দী, নাজমুল হক সোহাগ, সালেহ আহমদ, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক দিদারুল আলমসহ স্থানীয় এনজিও প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতা এবং বিভিন্ন স্তরের প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মশালায় প্রাপ্ত সুপারিশসমূহ পর্যালোচনা করে বারইয়ারহাট পৌরসভার জন্য একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি