সিলেট প্রতিনিধি: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সিলেটের হযরত শাহজালালের মাজারের ৭০০ বছরের ঐতিহ্যবাহী প্রথা ও সংস্কার ভেঙে জেলা প্রশাসনের হস্তক্ষেপের জেরে তীব্র আলোচনা-সমালোচনার মুখে গত ২১ জুন তৎকালীন ডিসি মো. সারওয়ার আলমকে সরিয়ে দেয় সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সারওয়ার আলমের বিদায়ের পর থেকে শূন্য থাকা এই পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন পিংকি সাহা।
—জা. অর্থনীতি/এলএটি