ইবি প্রতিনিধি: বাংলা একাডেমি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের যৌথ উদ্যোগে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে সংস্কতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ।
সেমিনারে ‘মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টিকর্ম: প্রথারোধিতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও দ্রোহের আখ্যান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম মনিরুজ্জামান। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ইবির বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং অধ্যাপক গাজী মো. রবিউল হোসেন।
আলোচকরা বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আঙ্গিক ও ভাবনায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে নতুন দিগন্তের উন্মোচন করেছেন। কবিতার কলাকৌশল ও নাট্যসাহিত্যে প্রথা ভাঙার এই মহান কারিগর সনাতন ধারা ভেঙে রক্তমাংসের মানুষের জয়গান গেয়েছেন, যা বাংলা সাহিত্যে ঐতিহাসিক।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান জানান, দেশের বিদগ্ধজনদের নিয়ে বাংলা একাডেমি এই সেমিনারের আয়োজন করেছে। এ বছর তারা মাইকেল মধুসূদন দত্ত ও মোহাম্মদ মনিরুজ্জামানকে বেছে নিয়েছে। এই আয়োজনের পাশাপাশি বাংলা একাডেমির একটি প্রকল্পের আওতায় গবেষণা ও পাণ্ডুলিপি সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে একটি কনফারেন্সও অনুষ্ঠিত হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
