জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্তবর্তী গারো পাহাড়ের গভীর বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে জয়নাল আবদীন (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমির বাগিচা টিলা এলাকা থেকে নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবদীন বকশীগঞ্জ উপজেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত আনিজ মিয়ার ছেলে।
স্থানীদের বরাত দিয়ে বনবিভাগ জানান, বকশীগঞ্জের ডুমুরতলা বিটটি মূলত শেরপুর বনবিভাগের শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের আওতাভূক্ত। গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে ডুমুরতলা বিট এলাকার সংরক্ষিত বনাঞ্চলের ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সীমান্তের ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ‘ওয়াইল্ডলাইফ করিডোর’ এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যান জয়নাল আবদিন। কিন্তু রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি।
শনিবার সকালে তার আত্মীয়-স্বজনেরা স্থানীয় ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ (ইআরটি)-এর সদস্যদের সহায়তায় পাহাড়ি এলাকায় সন্ধান শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বনের বাগিচা টিলা নামক স্থানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা জানান, নিহতের এক হাতসহ শরীরের বিভিন্ন অংশ হাতির পায়ে থেঁতলানো অবস্থায় ছিল। বনবিভাগ কর্মীদের ধারণা, বনাঞ্চলে আকস্মিক বন্যহাতির আক্রমণের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এই বিষয়ে শেরপুর বনবিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইআরটি এবং আমাদের বন বিভাগের স্টাফদের যৌথ সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে।”
—জা. অর্থনীতি/এলএটি
