ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: ডিবি পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে এক প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পাবনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতভর পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুজন হোসেন (৩৪) এবং শহরের শিবরামপুর এলাকার হাতেম আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)।

ওসি জানান, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি দেখাতো এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করতো। পরবর্তীতে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাংকোলা এলাকা থেকে সুজন এবং শিবরামপুর থেকে আরিফুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আটক দুইজনসহ মোট ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি