৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবি: জাতীয় অর্থনীতি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ২৫ মেট্রিক টন বীজ ও ১০০ মেট্রিক টন সার (ডিএপি ও এমওপি) বিতরণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তা বলেন, কৃষি বিভাগের এই বিশেষ সহায়তার মাধ্যমে উপজেলার প্রান্তিক কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন। খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) উৎপাদন বাড়াতে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় এ সামগ্রী দেওয়া হয়।

—জা. অর্থনীতি/এলএটি