যবিপ্রবিতে উচ্চমানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনা কর্মশালা
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে “রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই ইমপ্যাক্ট রিসার্চ পেপার” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের বিভিন্ন দিক ও দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ও বক্তব্য রাখেন— যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ এবং আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও গবেষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল গবেষণা সরঞ্জামের ব্যবহার গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তবে প্রযুক্তির এই সুবিধার পাশাপাশি গবেষণার সততা ও একাডেমিক নৈতিকতা বজায় রাখাও সবার দায়িত্ব। বিশেষ করে নবীন গবেষকদের এআই ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের নীতিমালা ও ডিক্লেয়ারেশনের বিষয়টি গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। গবেষণার মান ও নৈতিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

—জা. অর্থনীতি/এলএটি