রেস্টুরেন্টে শিশু ধর্ষণের অভিযোগে ম্যানেজার আটক
ছবি সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে চায়না রেস্টুরেন্টের ভেতরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৫০) নামে ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর উত্তেজিত জনতা রেস্টুরেন্টটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘চায়না রেস্টুরেন্ট’-এ ধর্ষণের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি খোলাহাটী ইউনিয়নের বাইরবন এলাকার মো. আলিম উদ্দিনের মেয়ে।

আটককৃত অভিযুক্ত আমির হোসেন দারিয়াপুর বাজারের মো. জয়নাল মিয়ার ছেলে এবং ওই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে ম্যানেজার আমির হোসেন ভুক্তভোগী শিশুটিকে ফুসলিয়ে রেস্টুরেন্টের ভেতরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের মাঝে বিষয়টি জানাজানি হলে দুপুর ২টার দিকে উত্তেজিত শত শত জনসাধারণ রেস্টুরেন্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে এবং অভিযুক্ত আমির হোসেনকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনার জেরে চরম ক্ষুব্ধ এলাকাবাসী রেস্টুরেন্টটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি