আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন (একক) প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন— শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বিশেষ অতিথি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, একটি রাষ্ট্র, একটি শিক্ষা মন্ত্রণালয় এবং একই সিলেবাস হওয়া সত্ত্বেও আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডকে একক প্রশ্নপত্রে এক সুতায় বাঁধা হয়েছে এবং আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ক্ষেত্রেও বাংলা, ইংরেজির মতো সাধারণ বিষয়গুলোর পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একযোগে নেওয়া হবে।

এ সময় তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন বিতরণে কোনো ভুল বা কোড বিভ্রাট ঘটলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন। এ ছাড়া, শিক্ষক নিয়োগে মামলা সংক্রান্ত জটিলতা তৈরি করে যারা জাতি গঠনের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

—জা. অর্থনীতি/এলএটি