চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন-অর-রশিদ
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং (ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের) ৫ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন-অর-রশিদের তৃতীয় দফা নামাজে জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বাদ জোহর মরহুমের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারী কলেজ মাঠে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া।

এর আগে বিএনপির বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা।

জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এমএ মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতকি দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মুসলমান অংশ নেন। জানাজা শেষে সর্বস্তরের জনগণ মরহুমের প্রতি ফুলদিয়ে শেষ বিদায় জানান। পরে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শুক্রবার (১৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা ও বাদ আসর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

—জা. অর্থনীতি/এনজে